মাদারগঞ্জে নিখোঁজ ৫ শিশুর মরদেহ উদ্ধার

image 11

মাদারগঞ্জে ঝিনাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ৫ শিশুর মধ্যে শেষজনের মরদেহ উদ্ধার

জামালপুরের মাদারগঞ্জে ঝিনাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ পাঁচ শিশুর মধ্যে সর্বশেষ একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২ নভেম্বর) সকাল ৮টার দিকে সিধুলী ইউনিয়নের চর ভাটিয়ানি আমতলী এলাকা থেকে বৈশাখী আক্তার (৮)-এর মরদেহ পাওয়া গেছে। তিনি ওই এলাকার আবুল হোসেনের কন্যা।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ ঢাকা পোস্টকে জানান, শুক্রবার বিকেলে ঝিনাই নদীতে গোসল করতে নেমে পাঁচ শিশু নিখোঁজ হয়। এর মধ্যে চারজনের মরদেহ আগেই উদ্ধার করা হয়েছিল—দুই ভাইবোন পলি আক্তার (১২) ও আবু হোসেন (৮), সাইবা আক্তার (৯) এবং কুলসুম আক্তার (৮)।

নিখোঁজ বৈশাখী আক্তারের মরদেহ রোববার সকালে নদীর দক্ষিণ দিক থেকে ভেসে আসে। স্থানীয়রা তাকে উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দেয়।

সিধুলী ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য ওয়াহেদ আলী নান্টু জানান, শুক্রবার ও শনিবার মোট চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছিল, আর রোববার শেষ নিখোঁজ শিশুটির মরদেহও উদ্ধার হয়েছে।

ওসি সাইফুল্লাহ সাইফ বলেন, “ঝিনাই নদীতে পাঁচ শিশুর নিখোঁজ হওয়ার ঘটনায় সর্বশেষ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।”