অবশেষে নির্বাচনের তফসিল ঘোষণার দিনক্ষণ চূড়ান্ত

image 107

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে ঘিরে সব প্রস্তুতি চূড়ান্ত হয়েছে বলে নির্বাচন কমিশন (ইসি) সূত্র নিশ্চিত করেছে। ইসি কমিশনার আব্দুর রহমান মাছউদ জানান, আগামীকাল বুধবার সন্ধ্যায় অথবা ১১ ডিসেম্বর (বৃহস্পতিবার) যেকোনো একদিন তফসিল ঘোষণা করা হতে পারে।

মঙ্গলবার গণমাধ্যমকে তিনি বলেন, “আগামীকাল বুধবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সন্ধ্যায় কিংবা ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে কমিশন।”

ইসি ইতোমধ্যে তফসিল ঘোষণার প্রস্তুতি হিসেবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারকে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) ভাষণ রেকর্ড করতে চিঠি পাঠিয়েছে।

সূত্র জানায়, সিইসি এ এম এম নাসির উদ্দিনের তফসিল ঘোষণার ভাষণ বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৪টায় রেকর্ড করা হবে। অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে— সিইসির ভাষণ রেকর্ডের দিনই তফসিল ঘোষণার নজির রয়েছে, তাই এবারও সেই সম্ভাবনা জোরালো।

আগামীকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় সিইসি ও অন্যান্য নির্বাচন কমিশনাররা রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে ব্রিফ করবেন।

ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানান, ইতোমধ্যে বিটিভি ও বেতারকে ভাষণ রেকর্ড ও তাৎক্ষণিক প্রচারের প্রস্তুতি নিতে বলা হয়েছে।

ইসি কমিশনার আব্দুর রহমান মাছউদ আরও বলেন, তফসিল ঘোষণার সময় রাজনৈতিক দলসহ সব পক্ষের সহযোগিতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।