টানা তিন বছর সাংবাদিক হত্যার তালিকায় প্রথম স্থানে ইসরায়েল

image 108

বিশ্বজুড়ে টানা তিন বছর ধরে সাংবাদিক হত্যায় শীর্ষে রয়েছে ইসরাইল। সাংবাদিকদের অধিকার পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ) তাদের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। শুধু চলতি বছরেই গাজায় ইসরাইলি হামলায় নিহত হয়েছেন ২৯ জন সাংবাদিক। বিষয়টি উঠে এসেছে মঙ্গলবার (৯ ডিসেম্বর) এএফপির প্রতিবেদনে।

প্যারিসভিত্তিক আরএসএফ জানায়, এ বছর বিশ্বজুড়ে মোট ৬৭ জন সাংবাদিক নিহত হয়েছেন, যেখানে ২০২৪ সালে এই সংখ্যা ছিল ৬৬। নিহত সাংবাদিকদের ৪৩ শতাংশই ইসরাইলি সেনাবাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন। এ কারণে ইসরাইলকে সাংবাদিকদের “সবচেয়ে বড় শত্রু” আখ্যা দিয়েছে সংগঠনটি।

প্রতিবেদনটি ২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত নিহত সাংবাদিকদের হিসাব তুলে ধরে। তাদের মতে, সাংবাদিকদের ওপর সবচেয়ে বড় হামলার ঘটনা ঘটে ২৫ আগস্ট—গাজার দক্ষিণাঞ্চলের একটি হাসপাতালে ইসরাইলি সেনাবাহিনীর হামলায় রয়টার্স ও এপির দুইজনসহ মোট পাঁচ সাংবাদিক নিহত হন।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলের অব্যাহত আক্রমণে এখন পর্যন্ত ২২০ জন সাংবাদিক জীবন হারিয়েছেন।

আরএসএফের প্রতিবেদনে বলা হয়েছে, সাংবাদিক হত্যায় ইসরাইলের পর দ্বিতীয় অবস্থানে আছে মেক্সিকো। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও দেশটিতে গত এক বছরে নয়জন সাংবাদিক নিহত হয়েছেন। তালিকায় আরও রয়েছে ইউক্রেন ও সুদান—যেখানে যথাক্রমে তিন ও চার সাংবাদিক নিহত হয়েছেন।

২০১২ সালে বিশ্বব্যাপী এক বছরে সর্বোচ্চ ১৪২ সাংবাদিক নিহত হওয়ার রেকর্ড রয়েছে, যার বড় অংশই সিরিয়ার গৃহযুদ্ধ সংশ্লিষ্ট।

এছাড়া আরএসএফ বিশ্বজুড়ে কারাবন্দী সাংবাদিকদের হালনাগাদ সংখ্যাও প্রকাশ করেছে। সাংবাদিক আটক রাখার ক্ষেত্রে শীর্ষ তিন দেশ হলো—

  • চীন: ১২১ জন
  • রাশিয়া: ৪৮ জন
  • মিয়ানমার: ৪৭ জন

২০২৫ সালের ১ ডিসেম্বর পর্যন্ত হিসাব অনুযায়ী, বিশ্বের ৪৭টি দেশে মোট ৫০৩ জন সাংবাদিক আটক রয়েছেন।
—তথ্যসূত্র: টাইমস অব ইসরাইল