
ঝিনাইদহে ঢাবি শিক্ষার্থী অনন্য গাঙ্গুলির লাশ উদ্ধার
ঝিনাইদহের কোটচাঁদপুরে নিজ বাড়ি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী অনন্য গাঙ্গুলি (২৫) এর লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে কোটচাঁদপুর উপজেলার বাজারপাড়ার হাইস্কুল সড়কের একটি বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। অনন্য কোটচাঁদপুর উপজেলার প্রদ্যুৎ কুমার গাঙ্গুলি ও রাধারানী ভট্টাচার্যের ছেলে। তার মা রাধারানী কোটচাঁদপুর বালিকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আর বাবা প্রদ্যুৎ কুমার গাঙ্গুলি কোটচাঁদপুর মহিলা কলেজের ইংরেজি বিভাগের সাবেক প্রভাষক। অনন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন।
অনন্য ২০২২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার (৩১ জানুয়ারি) রাতে অনন্য ঢাকা থেকে বাড়িতে আসে। রাতের খাবার খেয়ে সে নিজের শোবার ঘরে চলে যায়। পরদিন সকাল ৮টার দিকে মা তাকে খাবারের জন্য ডাকেন, কিন্তু কোনো সাড়া না পেয়ে পাশের জানালা থেকে দেখতে পান অনন্য ফ্যানের সঙ্গে ঝুলছে। খবর পেয়ে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠায়।
অনন্যের মা রাধারানী বলেন, “সে বাড়ি আসার পর আগের মতোই আচরণ করেছে। আমার সঙ্গে কখনো কোনো বিষয় নিয়ে মন খারাপের ঘটনা ঘটেনি। তবে কেন সে এ ধরনের ঘটনা ঘটাল বুঝতে পারছি না।”
কোটচাঁদপুর থানার পরিদর্শক (তদন্ত) এনায়েত আলী খন্দকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বজনদের সহায়তায় লাশ উদ্ধার করেছে।