নভেম্বরে ডেঙ্গুর ভয়াল রূপ, পাঁচ মৃত্যুর দিনে হাসপাতলে ভর্তি ১১৪৭

image 45

নভেম্বরের শুরুতেই ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গু পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৪৭২ জন রোগী। ফলে এ বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮৮ জন এবং মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৭২ হাজার ৮২২ জনে।

সোমবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ১৩২, চট্টগ্রামে ৯৮, ঢাকার সিটি করপোরেশন এলাকার বাইরে ২৬৬, ঢাকা উত্তর সিটিতে ২৮৪, ঢাকা দক্ষিণ সিটিতে ১৪৫, খুলনায় ৫৯, ময়মনসিংহে ৬৫, রাজশাহীতে ৭০, রংপুরে ১৯ এবং সিলেটে ৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

এ সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১০৪২ জন, ফলে মোট সুস্থ হয়েছেন ৬৯ হাজার ৪৫২ জন।

এর আগের দিনও (২ নভেম্বর) পাঁচজনের মৃত্যু ও ১১৬২ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল।

বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গুর প্রকোপ আগামী জানুয়ারি পর্যন্ত চলতে পারে। কীটতত্ত্ববিদ ড. কবিরুল বাশার জানিয়েছেন, জলবায়ু পরিবর্তন, দেরিতে বৃষ্টি, সিটি করপোরেশনের দুর্বলতা ও ভাইরাসের অব্যাহত সংক্রমণের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে সময় লাগবে।

এদিকে আইইডিসিআর জানিয়েছে, সেপ্টেম্বর পর্যন্ত ঢাকার বাইরে রোগীর সংখ্যা বেশি ছিল, তবে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকে ঢাকায় সংক্রমণ দ্রুত বেড়েছে। নারায়ণগঞ্জ ও গাজীপুরেও রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।