চাঁদপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যার হুমকি, বাড়িতে ককটেল নিক্ষেপ

পলিথিন মোড়ানো দাফনের কাপড়সহ বিভিন্ন সরঞ্জাম পাঠিয়ে চিরকুটে প্রাণনাশের হুমকি দেয় দুর্বৃত্তরা। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন

চাঁদপুরের মতলব উত্তরের এখলাসপুর ইউপি চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক দল নেতা মফিজুল ইসলাম মুন্না ঢালীর বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে দুটি চকলেট বোমা উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে আলাদা পলিথিনে মোড়ানো দাফনের কাপড়সহ বিভিন্ন সরঞ্জাম পাঠিয়ে চিরকুটে প্রাণনাশের হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।

ভুক্তভোগী ইউপি চেয়ারম্যান জানান, সোমবার রাত ১১টার পর হঠাৎ বিকট শব্দ শুনে তিনি বিষয়টি টের পান। পরে প্রতিবেশী ও পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে দুটি চকলেট বোমা ও দাফনের কাপড় উদ্ধার করে।

তিনি বলেন, এ ঘটনার সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। বর্তমানে তিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ বিষয়ে মতলব উত্তর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মনিরুজ্জামান মনির জানান, ঘটনাস্থলে গিয়ে দুটি চকলেট বোমা ও দাফনের কাপড়সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক ইউনিট কাজ করছে।