
জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে গত দুই দিন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে। আসন্ন রোজার মধ্যেই এ নির্বাচনের তফসিল ঘোষণা করার পরিকল্পনা করছে কমিশন। একই সময়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ ও দীর্ঘদিন বন্ধ থাকা শেরপুর-৩ আসনের তফসিল ঘোষণার বিষয়েও ভাবা হচ্ছে। তবে এসব আসনের ভোট গ্রহণ হবে ঈদের পর।
ইসি সূত্রে জানা গেছে, সংরক্ষিত মহিলা আসনের ক্ষেত্রে সাধারণত ভোটগ্রহণের প্রয়োজন হয় না। তফসিল ঘোষণাসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেই নির্বাচন শেষ হয়। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, জাতীয় সংসদের সাধারণ নির্বাচনের পর সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন আয়োজন করা কমিশনের সাংবিধানিক দায়িত্ব। সে অনুযায়ী প্রস্তুতি নেওয়া হচ্ছে। খুব শিগগিরই সংরক্ষিত মহিলা আসন ও দুটি সাধারণ আসনের তফসিল ঘোষণা করা হবে।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থীরা ২১১টি আসনে জয়ী হন। আদালতের নির্দেশে চট্টগ্রাম-২ ও ৪ আসনের ফল বাদে বাকি ২০৯টি আসনের ফল ঘোষণা করা হয়েছে। মিত্র দলগুলোসহ মোট আসন দাঁড়িয়েছে ২১৪টি। এ অনুপাতে বিএনপি ও তাদের মিত্ররা ৩৫ থেকে ৩৬ জন সংরক্ষিত মহিলা সংসদ-সদস্য নির্বাচনের সুযোগ পাবে। অন্যদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ৭৭টি আসনে জয়ী হওয়ায় তারা ১৩ জন মহিলা সদস্য মনোনয়ন দিতে পারবে। স্বতন্ত্র সাতজন সংসদ-সদস্যের পক্ষ থেকে একজন মহিলা সদস্য নির্বাচিত হবেন।
ইসি সূত্র জানায়, নতুন সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ শেষে সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনী প্রক্রিয়া শুরু হবে। ইতোমধ্যে এ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠক করেছেন। সেখানে প্রয়োজনীয় সরঞ্জাম, বিদ্যমান আইন-বিধি পর্যালোচনা এবং অন্যান্য প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে।
বৈঠকে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, প্রচলিত নিয়ম অনুযায়ী যুগ্ম সচিব পর্যায়ের কর্মকর্তাদের মধ্য থেকে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হতে পারে। শপথের পর সংসদ সদস্যদের তালিকা পেলে ইসি ভোটার তালিকা তৈরি করবে। এরপর রাজনৈতিক দল ও স্বতন্ত্র সদস্যদের জোটগত অবস্থান অনুযায়ী আসন বণ্টনের প্রস্তুতি নেওয়া হবে। বিদ্যমান আইন বা বিধিমালায় বড় কোনো পরিবর্তনের প্রয়োজন নেই, তবে মনোনয়নপত্র ও হলফনামায় কিছু সংশোধন আসতে পারে। নতুন হলফনামায় প্রার্থীদের দেশ-বিদেশে থাকা সম্পদের হিসাব জমা দিতে হবে।
এদিকে বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের তফসিল রোজার মধ্যেই ঘোষণা করা হতে পারে। তবে রোজার সময়ে নির্বাচনি প্রচারণা না চালানোর নীতির কারণে এসব আসনের ভোট হবে ঈদের পর। সে অনুযায়ী মনোনয়নপত্র দাখিল, যাচাই-বাছাই ও প্রত্যাহারের সময়সূচি নির্ধারণ করা হবে।