শরীয়তপুরে রহস্যজনক মৃত্যু, আমগাছে ঝুলছিল বিএনপি কর্মী

শরীয়তপুরে আমগাছে ঝুলছিল বিএনপি কর্মীর মরদেহ

শরীয়তপুরে আমগাছ থেকে ঝুলন্ত অবস্থায় জয়নুদ্দিন ঢালী (৫০) নামে এক শ্রমিক দল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার গোসাইরহাট ইউনিয়নের খাটরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জয়নুদ্দিন ঢালী খাটরা গ্রামের মৃত মোসলেম ঢালীর ছেলে। তিনি গোসাইরহাট ইউনিয়ন শ্রমিক দলের সদস্য ছিলেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে খাবার শেষে তিনি বাড়ি থেকে হাঁটতে বের হয়ে আর ফেরেননি। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে বিষয়টি থানায় জানান। সোমবার বিকেলে স্থানীয়রা বাড়ির পাশের বিলের মধ্যে একটি আমগাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহতের ভাতিজা মো. ইব্রাহিম জানান, রাতে চাচা বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি। সকালে এলাকার মুরুব্বিদের জানিয়ে তাদের সঙ্গে নিয়ে অনেক খোঁজাখুঁজি করা হয়। পরে বিকেলে বিলের পাশে একটি আমগাছে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পাওয়া যায়। স্থানীয়রা পুলিশে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের শাস্তি দাবি করেন।

গোসাইরহাট ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি জসিম সিকদার বলেন, জয়নুদ্দিন ঢালী আমাদের ইউনিয়নের সদস্য ছিলেন এবং তিনি খুবই ভালো মানুষ ছিলেন। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তি দাবি করছি।

গোসাইরহাট থানার উপপরিদর্শক (এসআই) সজিবুল জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।