বেগম জিয়ার চিকিৎসায় হাসপাতালে চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল সর্বশেষ যা জানালেন।

image 49

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসায় চীনের চার সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল বুধবার (৩ ডিসেম্বর) রাতেই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে। বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন।

এর আগে সকালে যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ দলের প্রধান ডা. রিচার্ড বিলি হাসপাতালে পৌঁছান। হাসপাতালের মেডিকেল বোর্ড জানায়, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও উন্নত চিকিৎসা নিশ্চিত করা এবং চলমান ব্যবস্থাপনার আরও গভীর মূল্যায়নের জন্য বিদেশি বিশেষজ্ঞদের প্রয়োজন ছিল। তাই যুক্তরাজ্য ও চীন থেকে বিশেষজ্ঞ ডাক্তারদের আমন্ত্রণ জানানো হয়।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানান, বিদেশি বিশেষজ্ঞদের যুক্ত হওয়ায় খালেদা জিয়ার চিকিৎসায় নতুন দিকনির্দেশনা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস হাসপাতাল গিয়ে খালেদা জিয়ার খোঁজ নেন। সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকরা এবং পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগের রাতে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানও হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন। একই রাতে জামায়াত ইসলামী আমির ডা. শফিকুর রহমানও হাসপাতালে যান।