
ইতিহাসের পাতায় নাম লিখলেন আইসিসির এলিট প্যানেলের বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। অ্যাশেজের কোনো ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করা প্রথম বাংলাদেশি হিসেবে নতুন মাইলফলক গড়লেন তিনি।
ব্রিসবেনে আজ শুরু হওয়া দিবারাত্রির পিংক বল টেস্টে অন-ফিল্ড আম্পায়ারের ভূমিকায় আছেন সৈকত। তার সহ-অফিশিয়াল হিসেবে রয়েছেন দক্ষিণ আফ্রিকার অ্যাড্রিয়ান হোল্ডস্টক। টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করছেন নিতিন মেনন।
যদিও অন-ফিল্ড দায়িত্ব এটাই প্রথম, তবে বর্তমান অ্যাশেজের পার্থ টেস্টে টিভি আম্পায়ার হিসেবে কাজ করেছেন সৈকত। সেই ম্যাচেই আলোচনায় আসেন তিনি। ব্রেন্ডন ডগেটের ডেলিভারিতে ইংল্যান্ড ব্যাটার জেমি স্মিথকে আউট ঘোষণা করে বিতর্কের জন্ম দিয়েছিলেন। মাঠের আম্পায়ার নিতিন মেনন ‘নট আউট’ দিলেও ডিআরএসে স্নিকোমিটারের স্পাইক দেখে সিদ্ধান্ত বদলান সৈকত। এ ঘটনায় ইংলিশ দর্শকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেলেও, আইসিসির নিয়ম মেনেই সিদ্ধান্ত দেন তিনি—পরিষ্কার প্রমাণ থাকলেই মাঠের সিদ্ধান্ত বদলানো যায়।
পার্থ টেস্টের পর ব্রিসবেনে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছেন এই বাংলাদেশি আম্পায়ার। আন্তর্জাতিক ক্যারিয়ারে এটি তার জন্য আরেকটি উল্লেখযোগ্য অর্জন।
২০২৪ সালে প্রথম বাংলাদেশি হিসেবে আইসিসির এলিট আম্পায়ার্স প্যানেলে যুক্ত হন সৈকত। এরপর ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপেও অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন তিনি।