স্বাধীনতা, গণতন্ত্র ও দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত ছাত্রদল: এ্যানি

image 21

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নবীন শিক্ষার্থীদের মেধা ও উদ্যমই জাতীয়তাবাদী ছাত্রদলের মূল শক্তি। এই প্রেরণা ও চেতনা থেকেই সংগঠন পরিচালিত হয়। ছাত্রদল স্বাধীনতার চেতনা, গণতন্ত্রের চেতনা এবং দেশপ্রেমের চেতনা ধারণ করে। এ সংগঠন শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে, শৃঙ্খলা ও নেতৃত্ব গড়ে তোলে এবং শিক্ষা ও সংস্কৃতির বিকাশে ভূমিকা রাখে।

রোববার (২ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কলেজ ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাস মাঠে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ১৯৭৯ সাল থেকে বিভিন্ন নেতৃত্বের মাধ্যমে ছাত্রদল সারাদেশে সর্ববৃহৎ ছাত্রসংগঠন হিসেবে পরিচিতি পেয়েছে। দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে নয় বছর ধরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে ছাত্রদল সামনের সারিতে ছিল। তখন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল এককভাবে বিজয়ী হয়েছিল।

তিনি আরও উল্লেখ করেন, গত ১৭ বছর ছাত্রদল প্রকৃত অর্থে ছাত্ররাজনীতি করতে পারেনি। এই সময়ে তারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নিয়েছে, সংগ্রাম করেছে, নির্যাতন, গুম ও হত্যার শিকার হয়েছে। জুলাই আন্দোলনে ১৪২ জন শহীদ হয়েছেন এবং ১৭ বছরে প্রায় ১৭ হাজার নেতাকর্মী বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবুও সময়ের সঙ্গে তাল মিলিয়ে ছাত্রদলকে এগিয়ে যেতে হবে। বিশেষ করে আইটি ও বিজ্ঞানের যুগে, শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য দ্রুত পৌঁছে দেওয়া এখন নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজ ছাত্রদলের আহ্বায়ক মেহেরাব হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কলেজ ছাত্রদলের সদস্য সচিব আজিম হোসাইন হারুন ও যুগ্ম আহ্বায়ক রিংকু পাটওয়ারী।