কবে হবে, ২০২৬ সালের বিশ্ব ইজতেমা যা জানা গেল

image 22

ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর আগামী বছরের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।

রোববার (২ নভেম্বর) সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ে তাবলিগ জামাতের দুই পক্ষের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন, “নির্বাচন সামনে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরোপুরি নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত। নির্বাচনের আমেজ শুরু হওয়ায় এত বড় সমাবেশ আয়োজন করা কঠিন হবে। বিশেষ করে বিদেশি অতিথির সমাগম থাকায় ঝুঁকি গ্রহণ করা সরকারের পক্ষে যৌক্তিক নয়। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ইজতেমা হবে নির্বাচনের পর।”

তিনি আরও জানান, তাবলিগ জামাতের দুই পক্ষ তিন উপদেষ্টার সামনে এ সিদ্ধান্তে সম্মতি দিয়েছে।

নির্বাচন যদি ফেব্রুয়ারির প্রথম ১৫ দিনের মধ্যে অনুষ্ঠিত হয়, তবে রমজান মাসের কারণে ইজতেমা সম্ভবপর হবে রমজানের পর। নির্দিষ্ট তারিখ নির্ধারণের জন্য দুই পক্ষকে বসে আলাপ করতে হবে।

উপদেষ্টা আরও উল্লেখ করেন, “পরিস্থিতি এমন যে, ইজতেমা একসঙ্গে হওয়ার সুযোগ নেই; তাই আলাদা আলাদা অনুষ্ঠিত হবে।”

তিনি বলেন, “নির্বাচন পেছানোর মতো কোনো পরিকল্পনা নেই। যদি ভবিষ্যতে পরিস্থিতি পরিবর্তিত হয়, আমরা পুনরায় আলোচনা করে সমাধান বের করব। নির্বাচন যথাসময়ে হবে এবং আমরা তদনুযায়ী এগোচ্ছি।”

বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প ও গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন।