২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য কেন্দ্র তালিকা প্রকাশ

image 65

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড। প্রশাসনিক কারণে ১৭টি পরীক্ষা কেন্দ্র এবং ২২১টি ভেন্যু বাতিলের পর ঢাকা বোর্ডের অধীনে মোট কেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৫০৭টি, যার মধ্যে ৭টি কেন্দ্র বিদেশে অবস্থিত।

গতকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস.এম. কামাল উদ্দিন হায়দারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বোর্ডের ওয়েবসাইটেও চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে।

এর আগে ৫ জানুয়ারি বোর্ডের এক আদেশে প্রশাসনিক কারণে এবং পরীক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ায় কয়েকটি কেন্দ্র বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বাতিলকৃত কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে— ঢাকা-৬৯ (হাজি এম.এ. গফুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়), ঢাকা-৭৮ (হাজি বিল্লাত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়), শিবালয়-২ (রাওয়ান ইনে রমজান স্কুল অ্যান্ড কলেজ), জয়ানগর (জয়ানগর জুলমত আলী উচ্চ বিদ্যালয়), কামারখালী (কামারখালী উচ্চ বিদ্যালয়) এবং মির্জাপুর ক্যাডেট কলেজ।

অন্য বাতিলকৃত কেন্দ্রের মধ্যে রয়েছে— করটিয়া এইচ.এম. ইনস্টিটিউশন, তালমা নাজিমুদ্দীন উচ্চ বিদ্যালয়, নগরকান্দা-২ সৈয়দা সাজেদা চৌধুরী উচ্চ বালিকা বিদ্যালয়, ডামুড্যা-২ কনেশ্বর এস.সি. এডওয়ার্ড ইনস্টিটিউশন, রাড়ী কান্দি হাজী বাড়ী উচ্চ বিদ্যালয়, চরভাগা বঙ্গবন্ধু আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং ঢাকা-৩০ আনোয়ারা বেগম মুসলিম উচ্চ বালিকা বিদ্যালয়।

বালিয়াকান্দি-২ কেন্দ্রের অধীন লিয়াকত আলী স্মৃতি স্কুল অ্যান্ড কলেজও পরীক্ষার্থীর সংখ্যা কম হওয়ায় বাতিল করা হয়েছে। পাশাপাশি বিদেশে অবস্থিত অ্যাথেন্স (গ্রীস) কেন্দ্রের বাংলাদেশ দোয়েল একাডেমি কেন্দ্র স্থগিত করা হয়েছে।