ভারতে হত্যার শিকার তিন বাংলাদেশির লাশ ফিরল মাতৃভূমিতে”

image 389

হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে ভারতে নিহত তিন বাংলাদেশির লাশ হস্তান্তর করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় পতাকা বৈঠকের পর ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলা থেকে লাশগুলো বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) কাছে হস্তান্তর করা হয়।

নিহত তিনজন হলেন—চুনারুঘাট উপজেলার আলীনগর গ্রামের আশ্বব আলীর ছেলে জুয়েল মিয়া (৩২), বাসুল্লা গ্রামের কনা মিয়ার ছেলে পণ্ডিত মিয়া (৪৫) এবং কবিলাশপুর গ্রামের আব্দুল কদ্দুস মিয়ার ছেলে সজল মিয়া (২০)

বুধবার রাতে ভারতের ত্রিপুরার খোয়াই জেলার বিদ্যাবিল এলাকায় স্থানীয় আদিবাসীরা এই তিন বাংলাদেশিকে কুপিয়ে ও তীর মেরে হত্যা করেন বলে জানা গেছে। পরে ভারতীয় পুলিশ লাশ উদ্ধার করে সাম্পাহারা থানায় নিয়ে যায়।

বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নিহতরা সম্ভবত গরু পাচারের উদ্দেশ্যে সীমান্ত পার হয়েছিলেন। রাতের অন্ধকারে স্থানীয়রা তাদের লক্ষ্য করে তীর ছোড়ে ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে, এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে বাল্লা সীমান্ত ফাঁড়িতে পতাকা বৈঠকের পর বিএসএফের কাছ থেকে লাশগুলো গ্রহণ করেন ফাঁড়ির কমান্ডার আবুল খায়ের

এ সময় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমানসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা।

ওসি বাংলানিউজকে জানান, ভারতে ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তর করা হয়েছে। দেশে এনে পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।