আবেদনকারীদের জন্য নতুন নিয়ম জানাল ঢাকাস্থ জার্মান দূতাবাস

image 390

ঢাকায় অবস্থিত জার্মান দূতাবাস আবেদনকারীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে। দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়েছে, যেসব আবেদনকারীর নাম এক শব্দে, তারা আবেদনপত্র পূরণের সময় একই নামটি ‘First Name’ ও ‘Surname’—দুই ঘরেই লিখবেন।

দূতাবাস জানায়, অনেক আবেদনকারী এক শব্দের নাম ব্যবহার করায় ফরম পূরণের সময় প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়। আবেদন প্রক্রিয়া সহজ করতে এবং এসব জটিলতা দূর করতেই নতুন নির্দেশনা জারি করা হয়েছে।

ফেসবুক পোস্টে আরও বলা হয়েছে, অনলাইন আবেদন ফরমের উভয় ঘর পূরণ করা বাধ্যতামূলক। তাই যাদের একটিমাত্র নাম রয়েছে, তারা সেটিই উভয় স্থানে লিখলে আবেদনটি বৈধ হিসেবে গণ্য হবে।

সম্প্রতি ভিসা ও নথি সংক্রান্ত আবেদনে ফরম পূরণের ভুল বেড়ে যাওয়ায় দূতাবাস আবেদনকারীদের সচেতন করতে এই নির্দেশনা দিয়েছে। নিয়মিতভাবে ফেসবুক পেজের মাধ্যমে ভিসা, ডকুমেন্ট ও কনস্যুলার সেবা সংক্রান্ত তথ্য জানিয়ে আসছে ঢাকাস্থ জার্মান দূতাবাস।