বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে রোডম্যাপ প্রণয়নে কাজ চলছে: পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী

image 77

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মাধ্যমে রোডম্যাপ তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান। তিনি বলেন, দুই দেশের রয়েছে বিপুল সম্ভাবনা, যা কাজে লাগিয়ে আন্তর্জাতিক বাজারেও সমন্বিতভাবে ব্যবসা সম্প্রসারণ করা সম্ভব।

চার দিনের রাষ্ট্রীয় সফরে প্রথমবারের মতো বাংলাদেশে আসেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী। সফরের শেষ দিন রোববার (২৪ আগস্ট) বিকেলে তিনি মতিঝিলে এফবিসিসিআইয়ে দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেন। সেখানে পর্যটন, পাট, চা, চিনি ইত্যাদি খাতে যৌথ বিনিয়োগের সম্ভাবনার কথা উঠে আসে। ব্যবসায়ীরা পাকিস্তানে উচ্চ শুল্ক কমানোর আহ্বান জানান এবং বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন।

এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান বলেন, দুই দেশ একসঙ্গে কাজ করতে পারলে ব্যবসা-বাণিজ্যের নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং উভয় দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

জাম কামাল খান জানান, জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ ছাড়াও বর্তমানে এফটিএ (ফ্রি ট্রেড এগ্রিমেন্ট) ও অন্যান্য খসড়া নিয়ে কাজ চলছে। তিনি বলেন, “এখনই দুই দেশের দীর্ঘমেয়াদি সহযোগিতার জন্য উপযুক্ত সময়। ইনশাআল্লাহ দ্রুতই ঢাকা-ইসলামাবাদ সরাসরি ফ্লাইট চালু হবে, যা দুই দেশের সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করবে।”

পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী আরও বলেন, “বাংলাদেশ ও পাকিস্তান উভয় দেশের বিপুল সম্ভাবনা কাজে লাগিয়ে আঞ্চলিক ও বৈশ্বিক বাণিজ্যে শক্তিশালী অবস্থান তৈরি করা সম্ভব।”