
কক্সবাজারে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২৫ আগস্ট) সকালে তিনি এ সম্মেলনে যোগ দেন। এর আগে রোববার (২৪ আগস্ট) থেকে ‘স্টেকহোল্ডারস ডায়লগ’ নামে এই সংলাপ শুরু হয়।
‘টেকঅ্যাওয়ে টু দ্য হাই লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন’ শীর্ষক এ সম্মেলন আগামীকাল (২৬ আগস্ট) পর্যন্ত উখিয়ার ইনানীর হোটেল বে-ওয়াচ মিলনায়তনে চলবে। কক্সবাজারে বর্তমানে ১০ লক্ষাধিক রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। আসন্ন ৩০ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের সাইডলাইনে উচ্চ পর্যায়ের সম্মেলনের আগে কার্যকর সুপারিশ প্রণয়নের লক্ষ্যেই এই সংলাপের আয়োজন করা হয়েছে।
এ সম্মেলনে দেশ-বিদেশের কূটনীতিক, আন্তর্জাতিক বিশেষজ্ঞ, রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতিনিধি, শিক্ষাবিদ এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিচ্ছেন। আগামী ২৬ আগস্ট অংশগ্রহণকারীরা রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন, যাতে তারা শরণার্থীদের বাস্তব চ্যালেঞ্জ সরাসরি বুঝতে পারেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সংলাপের মূল উদ্দেশ্য হচ্ছে নিউইয়র্কের আসন্ন উচ্চ পর্যায়ের সম্মেলনের জন্য কার্যকর ও বাস্তবসম্মত সুপারিশ তৈরি করা।