আ.লীগের রাজনীতি ও জামায়াতের জোট নিয়ে যা বললেন তারেক রহমান

image 106

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ প্রায় দুই দশক পর কোনো গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। বিবিসি বাংলার সম্পাদক মীর সাব্বির ও সিনিয়র সাংবাদিক কাদির কল্লোলের সঙ্গে ওই সাক্ষাৎকারে তিনি আওয়ামী লীগ ও জামায়াতের রাজনীতি, জুলাই গণঅভ্যুত্থান এবং আসন্ন নির্বাচনসহ নানা বিষয়ে মতামত ব্যক্ত করেছেন।

জামায়াতের সম্ভাব্য জোট নিয়ে তারেক রহমানের মন্তব্য

জামায়াতে ইসলামীকে ঘিরে বিএনপির ভেতরে সমালোচনার বিষয়ে জানতে চাইলে তারেক রহমান বলেন, “বাংলাদেশের বিদ্যমান আইন-কানুনের ভেতরে থেকে যদি কোনো দল রাজনীতি করে, তাহলে তাদের রাজনীতি করার অধিকার আছে। বিএনপি সবসময় বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে। আমরা চাই, সবাই আইনসিদ্ধভাবে রাজনীতি করুক।”

স্বাধীনতা যুদ্ধে জামায়াতের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, “যদি কোনো রাজনৈতিক দল অতীতে কোনো বিতর্কিত ভূমিকা রেখে থাকে, তার দায় তাদেরই নিতে হবে। ৭১ সালের ঘটনার জবাব আমি দেব না, যেমনভাবে বিগত ১৭ বছরের গুম-খুনের জবাব যাদের ওপর দায়, তাদেরই দিতে হবে। অন্যের অপরাধের জবাব আমি দিতে পারব না, আমার জবাব আমি দেব।”

আওয়ামী লীগের রাজনীতি নিয়ে তারেক রহমানের মন্তব্য

জুলাই গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের অবস্থান প্রসঙ্গে প্রশ্নে তিনি নিজের পরিবার ও দেশের মানুষের ভোগান্তির কথা তুলে ধরেন।
তিনি বলেন, “ওয়ান-ইলেভেন সরকারের সময়ে যে নির্যাতনের শিকার হয়েছিলাম, তার পর চিকিৎসার জন্য বিদেশে আসি। দেশে রেখে এসেছিলাম ভাইকে, রেখে এসেছিলাম মাকে। আজ ভাই নেই, মা অসুস্থ। আমাদের বাড়ি-ঘর ধ্বংস করে দেওয়া হয়েছে। কিন্তু এ কাহিনী শুধু আমার নয় — বাংলাদেশের হাজারো পরিবারের গল্প এটা, যাদের প্রিয়জন গুম-খুনের শিকার হয়েছেন, যাদের ঘরবাড়ি ভেঙে ফেলা হয়েছে। এই অন্যায়ের বিচার অবশ্যই হতে হবে।”

তিনি আরও বলেন, “এটি প্রতিশোধ নয়, এটি ন্যায়বিচারের দাবি। যারা হত্যা, নির্যাতন, লুটপাট করেছে, তাদের বিচার হওয়া উচিত — ব্যক্তি হোক বা দল।”

আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি না, সেই প্রশ্নে

এ বিষয়ে তারেক রহমান বলেন, “কোনো দল যদি অন্যায় করে থাকে, দেশের আইন তার বিচার করবে। আদালতই সিদ্ধান্ত নেবে। অন্যায় করলে শাস্তি পেতেই হবে — সেটা ব্যক্তি হোক বা রাজনৈতিক দল।”

যখন প্রশ্ন করা হয়, আওয়ামী লীগের রাজনীতিতে থাকা উচিত কি না, তখন তিনি বলেন, “আমরা রাজনীতি করি জনগণের জন্য। বিএনপির বিশ্বাস, সব রাজনৈতিক শক্তির উৎস জনগণ। যে দল মানুষ হত্যা করে, গুম করে, লুটপাট করে, দেশের সম্পদ বিদেশে পাচার করে — আমি বিশ্বাস করি জনগণ কখনও তাদের সমর্থন করবে না। জনগণ যদি সমর্থন না দেয়, তবে সেই দলের টিকে থাকার কোনো কারণ নেই। সবচেয়ে বড় বিচারক জনগণ — তাদের সিদ্ধান্তই চূড়ান্ত।”