খুব শিগগিরই গাজায় সংঘাত বন্ধ হবে: ট্রাম্প

image 107

গাজায় চলমান সংঘাত দ্রুতই শেষ হবে এবং জিম্মিরা মুক্তি পাবে— এমন আশাবাদ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার হামাস ও ইসরায়েলের সঙ্গে মধ্যস্থতাকারীদের আসন্ন বৈঠককে সামনে রেখে ট্রাম্প বলেন, ইতোমধ্যেই বেশ কিছু ইতিবাচক আলোচনা হয়েছে এবং সমাধানের প্রক্রিয়া দ্রুত এগোচ্ছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, “খুঁটিনাটি বিষয়গুলো চূড়ান্ত করতে টেকনিক্যাল টিম কাজ করছে। আশা করছি চলতি সপ্তাহেই বিষয়টি শেষ হবে। দ্রুত সমাধানের জন্য সব পক্ষকে চাপ দিচ্ছি।”

তিনি আরও বলেন, “আমাদের বেশ কিছু ফলপ্রসূ আলোচনা হয়েছে। ইসরায়েলের আশপাশের মুসলিম ও আরব দেশগুলোও হামাসের সঙ্গে আলোচনায় বসেছে। মনে হচ্ছে এবার তা কার্যকর হতে যাচ্ছে। ফলাফল জানতে খুব বেশি সময় লাগবে না— আশা করি খুব শিগগিরই সুখবর দিতে পারবো।”