এনসিপি শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেবে: সারজিস আলম

image 105

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ঘোষণা দিয়েছেন, আসন্ন নির্বাচনে এনসিপি শাপলা প্রতীক নিয়েই অংশ নেবে।

রোববার (৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে দেবীগঞ্জ পৌরসভার টোল প্লাজা সংলগ্ন উপজেলা এনসিপি কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, “আমরা আইনগতভাবে শাপলা প্রতীকের অধিকারী। তাই শাপলাই আমাদের প্রতীক এবং আমরা সেটিই চাই। এমনকি সুবিধার কথা ভেবে লাল শাপলা বা সাদা শাপলার প্রস্তাবও দিয়েছি। তবে শাপলার বাইরে অন্য কোনো প্রতীকের বিষয়ে এনসিপি ভাবছে না।”

তিনি অভিযোগ করে বলেন, “নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে স্বেচ্ছাচারিতা করছে। আমাদের প্রতীক পাওয়ার ক্ষেত্রে কোনো আইনগত বাধা নেই। তবুও কমিশন আমাদের শাপলা প্রতীক দিচ্ছে না। মনে হচ্ছে, কোনো রাজনৈতিক দল বা প্রতিষ্ঠানের প্রভাবে তারা এমনটা করছে।”

পিআর (Proportional Representation) পদ্ধতি প্রসঙ্গে সারজিস আলম বলেন, “আমরা স্পষ্টভাবে বলেছি—পিআর পদ্ধতি প্রথমে উচ্চকক্ষে প্রয়োগ করা হোক। বাংলাদেশের নিম্নকক্ষে এখনো সেই মানসিকতা ও স্থিতিশীলতা পুরোপুরি তৈরি হয়নি। উচ্চকক্ষে সফল প্রয়োগের পর তা নিম্নকক্ষে বিবেচনা করা যেতে পারে।”

এর আগে রাত ৮টায় দেবীগঞ্জ উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মো. মাসুদ পারভেজের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী মো. ফজলুল করিম, যুব শক্তির কেন্দ্রীয় কমিটির সদস্য ওয়াসিস আলম, পঞ্চগড় জেলা যুব শক্তির সাধারণ সম্পাদক জিএম আলামিন খন্দকারসহ দলের অন্যান্য নেতাকর্মী ও স্থানীয় ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।