
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারের অভিযানে একজন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। শহিদুল ইসলাম (৪৫) পীরগঞ্জ থানাে কর্মরত ছিলেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গভীর রাতে একদল পুলিশ ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে অভিযানে যায়। এক আসামিকে গ্রেপ্তার করে গাড়িতে তোলার সময় এএসআই শহিদুল ইসলাম হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত সহকর্মীরা তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. তানজিনা তাকে মৃত ঘোষণা করেন।
পীরগঞ্জ থানার ওসি মো. মাজহারুল ইসলাম জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ঘটনায় পুলিশ প্রশাসনে শোকের ছায়া নেমে এসেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।