
নারায়ণগঞ্জের ফতুল্লায় এক বিএনপি নেতার বিরুদ্ধে ‘ফ্যামিলি কার্ড’ ছাপিয়ে স্থানীয় মহিলাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত নেতা রাসেল ওরফে জিলানীর বিরুদ্ধে অভিযোগ, তিনি এবং তার স্ত্রী হাসিনা কাশিপুরের নরসিংপুরসহ আশেপাশের এলাকায় ৫০ টাকায় ৩০০টির মতো কার্ড বিক্রি করেছেন। কার্ড অনুযায়ী, ক্রেতারা প্রতিমাসে ১২৮৫ টাকার বিনিময়ে ১৭২৫ টাকার পণ্য পেতে পারতেন।
নির্ধারিত সময়ে পণ্য না পাওয়ায় ক্ষুব্ধ গ্রাহকরা শনিবার সকালে জিলানীর বাড়ি ঘেরাও করেন। অভিযোগে বলা হয়েছে, কার্ড বিক্রির প্রক্রিয়াটি বাস্তবিকভাবে কার্যকর হয়নি এবং ক্রেতাদের সাথে প্রতারণা করা হয়েছে। স্থানীয়রা জানান, কার্ড ক্রেতাদের বেশিরভাগই নারী ও স্বল্পশিক্ষিত।
ফতুল্লা থানা বিএনপি সভাপতি শহীদুল ইসলাম টিটু বলেন, নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা উল্লেখ থাকলেও এখন পর্যন্ত কার্যক্রম শুরু হয়নি। এই ধরনের প্রতারণার বিরুদ্ধে প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন আহমেদ জানান, বিষয়টি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।