কুমিল্লায় কায়কোবাদ ইতিহাস গড়লেন, ৬ষ্ঠবার সংসদ সদস্য নির্বাচিত

কুমিল্লার ইতিহাসে রেকর্ড ৬ষ্ঠ বারের মতো সংসদ সদস্য কায়কোবাদ

কুমিল্লার ইতিহাসে ৬ষ্ঠবার সংসদ সদস্য নির্বাচিত কায়কোবাদ

কুমিল্লার রাজনীতিতে নতুন ইতিহাস গড়েছেন সাবেক প্রতিমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ৬ষ্ঠবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে দীর্ঘ রাজনৈতিক জীবনে বিরল রেকর্ড গড়েছেন। জীবনের পড়ন্ত বেলায়ও ভোটাররা তাকে অসম্মান করেননি; এলাকার অভূতপূর্ব উন্নয়ন এবং শান্তিপূর্ণ পরিবেশের জন্য তাদের আস্থা এবারও ভোটে প্রতিফলিত হয়েছে।

নবনির্বাচিত কায়কোবাদ প্রতিপক্ষকে অর্ধলাখেরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত করে ১ লাখ ৫৯ হাজার ভোট অর্জন করেছেন। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী ইউসুফ সোহেল পেয়েছেন ১ লাখ ৯ হাজার ভোট। নির্বাচনের পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশ প্রতিষ্ঠার পর কুমিল্লার কোনো আসনে আগে কোনো নেতা ৬ বার নির্বাচিত হতে পারেননি। সর্বোচ্চ ৪–৫ বার নির্বাচিত হয়েছেন কিছুজন, যেমন সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক মুজিব, অধ্যাপক আলী আশরাফ, ড. খন্দকার মোশাররফ হোসেন, এমকে আনোয়ার এবং আ ক ম বাহাউদ্দিন বাহার। কিন্তু কায়কোবাদই একমাত্র নেতা যিনি ৬ বার নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছেন।

কায়কোবাদ প্রথমবার ১৯৮৬ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৩য় জাতীয় সংসদ নির্বাচনে জিতেছিলেন এবং ১৯৮৮ সালে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে দ্বিতীয়বার নির্বাচিত হন। ১৯৯১ সালের ৫ম সংসদ নির্বাচনে তিনি পরাজিত হলেও ১৯৯৬ সালে ৭ম জাতীয় সংসদে জাতীয় পার্টি থেকে ফের জয় পান। পরবর্তী ২০০১ ও ২০০৮ সালে বিএনপির মনোনয়ন নিয়ে তিনি ৮ম ও ৯ম নির্বাচনে বিজয়ী হন। ২০১৬ সালে কায়কোবাদ বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান।

বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে প্রতিহিংসামূলক গ্রেনেড হামলা মামলার কারণে কায়কোবাদকে বিদেশে নির্বাসনে থাকতে হয়েছিল। এবারের নির্বাচনে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তিনি এলাকার সাধারণ মানুষ ও নেতাকর্মীদের সমর্থনে জয়ী হয়েছেন।