ভোলায় নারী কর্মী সাওদা সুমিকে গ্রেফতার সম্পূর্ণ অন্যায় ও মানবাধিকারের পরিপন্থি: মিয়া গোলাম পরওয়ার

গণভোটে পিআর অন্তর্ভুক্ত করতে হবে: গোলাম পরওয়ার

ভোলা পৌরসভা মহিলা জামায়াতে ইসলামীর কর্মী সাওদা সুমিকে গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। সোমবার (৭ এপ্রিল) এক বিবৃতিতে তিনি এ প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে বলা হয়, গত ৫ এপ্রিল রাত ১১টার দিকে নিজ বাসা থেকে সাওদা সুমিকে গ্রেফতার করা হয়। সরকারের সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়ার জেরে তাকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনাকে অন্যায়, অমানবিক ও মৌলিক মানবাধিকারের লঙ্ঘন হিসেবে উল্লেখ করে এর তীব্র প্রতিবাদ জানান।

মিয়া গোলাম পরওয়ার বলেন, মতপ্রকাশের স্বাধীনতা সংবিধান স্বীকৃত নাগরিক অধিকার। সরকারবিরোধী মত প্রকাশের কারণে কাউকে গ্রেফতার করা গণতান্ত্রিক চেতনার পরিপন্থি এবং আইনের শাসনের ওপর আঘাত। তিনি অভিযোগ করেন, সরকার বিরোধী মত ও রাজনৈতিক প্রতিপক্ষের কণ্ঠরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছে। সাওদা সুমির গ্রেফতার সেই দমনমূলক মানসিকতার বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, একটি স্বাধীন দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে মত প্রকাশকে অপরাধ হিসেবে দেখা গ্রহণযোগ্য নয়। এ ধরনের গ্রেফতার রাজনৈতিক পরিবেশকে অস্থির করে তুলবে এবং জনমনে ভয়-আতঙ্ক সৃষ্টি করবে।

বিবৃতিতে তিনি দেশের সচেতন নাগরিক সমাজ, মানবাধিকার সংগঠন, আইনজীবী, সাংবাদিক এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতি মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় সোচ্চার হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, নারী অধিকার নিয়ে কথা বলা বিভিন্ন সংগঠন এ ঘটনায় নীরব কেন।

শেষে মিয়া গোলাম পরওয়ার সাওদা সুমির নিঃশর্ত মুক্তি দাবি করেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান। পাশাপাশি মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান।