
নেত্রকোনার মোহনগঞ্জে বিয়ের অনুষ্ঠান শেষে ভোজের খাবার খেয়ে বরসহ অন্তত ২০ জন অসুস্থ হয়ে পড়েছেন। বরপক্ষের দাবি, খাবারের বিষক্রিয়ার কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার (৫ এপ্রিল) আটপাড়া উপজেলার শুনই ইউনিয়নের সিদ্দিকুর রহমানের ছেলে মনিরুল ইসলামের বরযাত্রী মোহনগঞ্জের মানসা গ্রামে যান। কনের বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বরযাত্রীরা মধ্যাহ্নভোজে অংশ নেন। তবে খাবার খেয়ে ফেরার কিছুক্ষণের মধ্যেই বরসহ প্রায় ২০ জনের শরীরে অসুস্থতার লক্ষণ দেখা দেয়।
আক্রান্তদের বমি, ডায়রিয়া ও তীব্র পেটব্যথা শুরু হলে দ্রুত তাদের আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বর্তমানে বর মনিরুল ইসলামসহ বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি রয়েছেন। অন্যরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন।
শুনই গ্রামের বাসিন্দা নূর মোহাম্মদ জানান, খাবার খাওয়ার কিছুক্ষণ পরই একে একে সবাই অসুস্থ হয়ে পড়েন। অনেকের অবস্থা গুরুতর হওয়ায় দেরি না করে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। বরপক্ষের অভিযোগ, পরিবেশিত খাবারের মান ভালো ছিল না অথবা এতে ক্ষতিকর কোনো উপাদান থাকতে পারে।
আটপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার পাল জানান, একই ধরনের উপসর্গ নিয়ে কয়েকজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। কী কারণে এমনটি ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে একে ফুড পয়জনিং বা খাবারের বিষক্রিয়া বলে ধারণা করা হচ্ছে। আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।