
সংসদে গণভোটের রায় বাস্তবায়নের বিষয়ে কোনো সিদ্ধান্ত না আসায়, ১১ দলীয় জোট ধারাবাহিক আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন এই জোটের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে ১১ দলীয় জোটের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে জোটের কর্মসূচিও ঘোষণা করা হয়।
সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, অন্তর্বর্তী সরকারের সংস্কারের সিদ্ধান্তগুলো বিএনপি উপেক্ষা করছে। গণভোটের রায় কার্যকর না হওয়া পর্যন্ত ১১ দল রাজপথে আন্দোলন চালিয়ে যাবে।
তিনি চারদিনব্যাপী কর্মসূচির বিস্তারিতও জানান। আগামী বৃহস্পতিবার (৯ এপ্রিল) শাহবাগে লিফলেট বিতরণের মাধ্যমে কর্মসূচি শুরু হবে। ১১ এপ্রিল সারাদেশের উপজেলা ও থানায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে, ১২ এপ্রিল সব জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে এবং ১৩ এপ্রিল ঢাকায় গণভোটের রায় বাস্তবায়নের পক্ষে সেমিনার আয়োজিত হবে।