আমীর হামজার বক্তব্য সত্যি, জাবির হলে শিক্ষার্থীদের মদের আসর ধরা পড়ল

image 174

‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলে শিক্ষার্থীরা মদ দিয়ে কুলি করে’—এমন বক্তব্য দিয়ে একসময় আলোচনায় আসেন মুফতি আমীর হামজা। সমালোচনার ঝড় উঠলেও সম্প্রতি তার সেই বক্তব্যের আংশিক প্রতিফলন দেখা গেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি)।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমেদ হলের বি-ব্লকের ছাদে বাংলা মদ ও গাঁজা সেবনরত অবস্থায় কয়েকজন শিক্ষার্থীকে হাতেনাতে ধরে ফেলেন হলের আবাসিক শিক্ষার্থীরা। তাদের মধ্যে একজন হলেন জাবির ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. জাবের, যিনি মওলানা ভাসানী হলের বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক ও ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) ৫১ ব্যাচের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের খবর পেয়ে হলে নির্বাচিত প্রতিনিধি ও অন্যান্য শিক্ষার্থীরা সেখানে গেলে তারা ছাদের পানির ট্যাংকের ওপর প্রায় ১৫ জনকে মদ ও গাঁজা সেবনরত অবস্থায় দেখতে পান। এ সময় তাদের কাছে বিভিন্ন মাদকদ্রব্যও উদ্ধার করা হয়।

হলের আবাসিক শিক্ষার্থী শরিফুল আলম সাকিব বলেন, “মদ ও গাঁজা সেবনের খবর পেয়ে আমরা ছাদে যাই এবং তাদের হাতে মাদক পাই। পরে তাদের পরিচয় জানতে চাইলে তারা আমাদের সঙ্গে আক্রমণাত্মক আচরণ করে। এমনকি উপস্থিত একজন সাংবাদিকের সঙ্গেও তারা খারাপ আচরণ করেছে। তখন হলে নির্বাচিত সাধারণ সম্পাদকসহ অন্যান্য প্রতিনিধিরাও আমাদের সঙ্গে ছিলেন।”