পাঁচ দিন পর শনাক্ত, স্বজনদের কাছে হস্তান্তর ১৬ মরদেহ

image 457

রাজধানীর মিরপুরের শাহ আলম রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনের মরদেহ অবশেষে ঢাকা মেডিকেল কলেজের মর্গ থেকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। রোববার (১৯ অক্টোবর) রাতে ডিএনএ পরীক্ষার ফলাফলের সঙ্গে মিলিয়ে মরদেহ শনাক্তের পর এই হস্তান্তর সম্পন্ন করে পুলিশ।

সন্ধ্যার পর থেকে মর্গের সামনে ভিড় জমায় নিহতদের স্বজনরা। চোখে শুকিয়ে যাওয়া কান্না আর বুকভরা আহাজারির মধ্যে অবশেষে প্রিয়জনদের দেহাবশেষ বুঝে পান তারা—দুর্ঘটনার পাঁচ দিন পর।

এক এক করে ১৬টি মরদেহ হস্তান্তর করা হয় নিহতদের পরিবারগুলোর কাছে। এ সময় মরদেহ দাফনের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা সহায়তা দেওয়া হয়।

এদিকে এক ভুক্তভোগীর বাবা অভিযোগ করেন, তিনি মেয়ের স্বামীর মরদেহ পেলেও মেয়েকে এখনো পাননি। বিকেলে মরদেহ বুঝে নিতে ফোন পেলেও মর্গে এসে মেয়ের মরদেহ দেখতে পাননি বলে জানান তিনি।

হস্তান্তর প্রক্রিয়া শেষে পুলিশ জানায়, দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান এখনো চলছে। নতুন কোনো মরদেহ উদ্ধার হলে ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

রূপনগর থানার ওসি (তদন্ত) মোখলেছুর রহমান বলেন, “আমাদের কাছে থাকা ১৬টি মরদেহের পরিচয় শনাক্ত করা হয়েছে। উদ্ধার অভিযান সম্পূর্ণ শেষ না হওয়া পর্যন্ত আরও মরদেহ পাওয়ার সম্ভাবনা রয়েছে।”

এর আগে, গত মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে মিরপুরের শিয়ালবাড়ির শাহ আলম রাসায়নিক গুদামে আগুন লাগলে বের হওয়ার পথ না থাকায় ১৬ জনের মৃত্যু হয়।