
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইন হত্যাকাণ্ডে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ছাত্রী বার্জিস শাবনাম বর্ষা জানিয়েছেন, বর্ষা ও তার প্রেমিক মাহির রহমানের প্রেমঘটিত বিরোধের জেরেই খুন হন জবি ছাত্রদল নেতা জোবায়েদ। তবে এই হত্যাকাণ্ড সম্পর্কে নিজে কিছুই জানতেন না বলে দাবি করেছেন বর্ষা।
সোমবার (২০ অক্টোবর) সকালে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, জিজ্ঞাসাবাদে বর্ষা জানিয়েছেন—তিনি ও মাহির নয় বছর ধরে সম্পর্কে ছিলেন। মাহির পড়াশোনা করছিল বুরহান উদ্দিন কলেজে, আর বর্ষা ঢাকা মহানগর মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তারা ছোটবেলা থেকেই একে অপরকে চিনতেন এবং চতুর্থ শ্রেণি থেকেই সম্পর্ক শুরু হয়।
তবে সম্প্রতি তাদের সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। কিছুদিন আগে সম্পর্ক ভেঙে গেলে বর্ষা মাহিরকে জানায় যে তিনি জোবায়েদের প্রতি আগ্রহী। এতে ক্ষুব্ধ হয়ে মাহির রহমান তার এক বন্ধুকে সঙ্গে নিয়ে জোবায়েদকে হত্যা করে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।