আওয়ামী লীগের আগে জামায়াতকেনিষিদ্ধ করা দরকার: বুলুর মন্তব্য

image 458

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, “জুলাই-আগস্ট আন্দোলনের সময় দুই হাজার মানুষ নিহত ও ২০ হাজার মানুষ আহত হওয়ার জন্য যদি আওয়ামী লীগকে দায়ী করে নিষিদ্ধ করা হয়, তাহলে তার আগে জামায়াতকে নিষিদ্ধ করা উচিত। কারণ ১৯৭১ সালে তারা মা-বোনদের গণিমতের মাল হিসেবে মনে করে পাকিস্তানি সেনাদের হাতে তুলে দিয়েছিল এবং ৩০ লাখ শহীদের রক্তকে বেইমানি করে পাকিস্তানের পক্ষে যুদ্ধ করে মানুষ হত্যা করেছে।”

রবিবার (১৯ অক্টোবর) বিকালে তিনি নোয়াখালীর বেগমগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ দুই যোদ্ধা আবদুল কাইয়ুম আহাদ ও আসিফ হোসেনের কবর জিয়ারত করেন, শ্রদ্ধা জানান এবং পরিবারের খোঁজ নেন। পরে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।

বুলু বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী সরকার বিরোধী আন্দোলনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন বিএনপির নেতাকর্মীরা। কিন্তু যারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ অস্বীকার করে, ৩০ লাখ শহীদের রক্তকে খারিজ করে এবং ৫ আগস্টের গণঅভ্যুত্থানকে বিপ্লব দাবি করে—তাদের কার্যত বাংলাদেশের অস্তিত্ব অস্বীকার করা ছাড়া আর কিছু নয়। এমনকি তারা মহান মুক্তিযুদ্ধ ও ১৯৭২ সালের সংবিধানও অস্বীকার করে। এ ধরনের মানুষদের নাগরিক হওয়ার অধিকার নেই, এবং তাদের ভোটের অধিকারও থাকা উচিত নয়।”

তিনি আরও বলেন, “পিআর পদ্ধতি নিয়ে যারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে এবং নির্বাচনের কাজ ব্যাহত করতে চায়, তাদের উদ্দেশ্য অন্য কোনো দেশের এজেন্ডা বাস্তবায়ন করা।”

আইনশৃঙ্খলার পরিস্থিতি ও সম্প্রতি কয়েকটি বড় আগুনের ঘটনা প্রসঙ্গে বুলু বলেন, “ভূরাজনীতির কারণে বিভিন্ন ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের নির্বাচন বানচাল করার চেষ্টা করছে।”

এ সময় বরকত উল্লাহ বুলুর স্ত্রী বিএনপি নেত্রী শামীমা বরকত লাকী, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষ্যা চন্দ্র দাস, সদস্য সচিব মাহফুজুল হক আবেদসহ বিএনপির অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।