
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের মেধাবী শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ, মঙ্গলবার। ২০১৯ সালের ৭ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগের একদল নেতাকর্মীর হাতে নির্মমভাবে নিহত হন তিনি।
আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু), ছাত্রদল, ইসলামী ছাত্রশিবিরসহ বিভিন্ন সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, আবরার ফাহাদ হত্যা এবং পিলখানা হত্যাকাণ্ডের স্মরণে ৭ অক্টোবর ও ২৫ ফেব্রুয়ারি দিন দুটিকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দিবস হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় জানিয়েছে, প্রতি বছর এই দিনগুলো বিশেষভাবে পালন করা হবে। সোমবার বিকেলে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
ডাকসু ৭ অক্টোবরকে ‘আধিপত্যবাদবিরোধী দিবস’ হিসেবে পালনের আহ্বান জানিয়েছে। এক বিবৃতিতে ডাকসুর সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম জানান, শহীদ আবরার ফাহাদের আত্মত্যাগ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হয়ে থাকবে।
এদিকে, আবরার ফাহাদের স্মরণে আজ বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটরিয়ামে ছাত্রদলের উদ্যোগে ‘মতপ্রকাশ থেকে মৃত্যু: শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যাসিবাদের বিস্তার ও প্রতিরোধ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
অন্যদিকে, ইসলামী ছাত্রশিবির দিনটিকে ‘জাতীয় নিপীড়নবিরোধী দিবস’ হিসেবে পালনের আহ্বান জানিয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম রবিবার এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান।
এ ছাড়া, ডাকসুর উদ্যোগে ‘ভারতীয় আধিপত্যবাদ ও বাংলাদেশের সার্বভৌমত্ব: স্মরণে শহীদ আবরার ফাহাদ’ শীর্ষক সেমিনার এবং ‘স্মরণে মননে শহীদ আবরার ফাহাদ’ নামে একটি চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।