রমজান শুরু হতে পারে ২০ ফেব্রুয়ারি

image 130

সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, ২০২৬ সালের রমজান মাস শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)। আর মধ্যপ্রাচ্যে যদি ওই দিন রমজান শুরু হয়, তাহলে বাংলাদেশে রোজা শুরু হতে পারে পরদিন ২০ ফেব্রুয়ারি।

প্রাথমিক হিসেবে দেখা যাচ্ছে, মুসলমানদের পবিত্র সিয়াম সাধনার মাস রমজান শুরু হতে এখনো প্রায় ১৩৫ দিন বাকি।

আমিরাত জ্যোতির্বিজ্ঞান সমিতির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ানের তথ্যমতে, আগামী ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) স্থানীয় সময় বিকেল ৪টা ১ মিনিটে রমজানের চাঁদ জন্ম নেবে। তবে ওই দিন সূর্যাস্তের মাত্র এক মিনিট পরই চাঁদ অস্ত যাবে, ফলে সেদিন তা দেখা সম্ভব হবে না। এ কারণে ১৯ ফেব্রুয়ারি থেকেই রোজা শুরুর সম্ভাবনা বেশি, যদিও তা শেষ পর্যন্ত নির্ভর করবে চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের ওপর।

ইব্রাহিম আল জারওয়ান জানান, রমজানের শুরুতে আবুধাবিতে রোজার দৈর্ঘ্য থাকবে প্রায় ১২ ঘণ্টা ৪৬ মিনিট, যা মাসের শেষে বেড়ে দাঁড়াবে প্রায় ১৩ ঘণ্টা ২৫ মিনিটে। একইভাবে দিনের আলোর সময়ও ১১ ঘণ্টা ৩২ মিনিট থেকে বৃদ্ধি পেয়ে প্রায় ১২ ঘণ্টা ১২ মিনিট হবে।

তিনি আরও বলেন, রমজানের শুরুতে তাপমাত্রা ১৬ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে, যা মাসের শেষ দিকে বেড়ে ১৯ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। শুরুতে উত্তর দিকের ঠান্ডা বাতাস প্রবাহিত হলেও মাসের শেষে বসন্তের আবহ ও পশ্চিমা বাতাসের প্রভাব বাড়বে।

আবহাওয়ার পূর্বাভাসে তিনি জানান, রমজান মাসে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। মৌসুমি গড় হিসেবে এ সময় বৃষ্টির পরিমাণ ১৫ মিলিমিটারের বেশি হতে পারে বলে ধারণা দেওয়া হয়েছে।