
রাজশাহীর বাঘায় পদ্মা নদীর পানি আবারও বৃদ্ধি পেয়ে চরের ঘরবাড়ি ও আঙিনায় ঢুকে পড়েছে। এতে অন্তত ১৫টি চরের মানুষ নতুন করে গরু-ছাগলসহ চরম বিপাকে পড়েছেন।
রোববার (৭ সেপ্টেম্বর) সকালে আতারপাড়া চরে এমন চিত্র দেখা যায়।
পানি বৃদ্ধির কারণে আতারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চৌমাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা হাঁটু পানি পেরিয়ে স্কুলে যেতে বাধ্য হচ্ছে।
আতারপাড়া, চৌমাদিয়া ও দিয়ারকাদিরপুর চরের নিচু এলাকার প্রতিটি বাড়ির উঠানে পানি ঢুকে পড়েছে। ফলে মানুষ ও গবাদিপশু নিয়ে তাদের দুর্ভোগ আরও বেড়েছে।
চৌমাদিয়া চরের বাসিন্দা সলেমান হোসেন জানান, শুধু এই চরেই প্রায় ২০০ পরিবারের উঠানে পানি ঢুকেছে। কোথাও যাওয়া সম্ভব হচ্ছে না, আর গরু-ছাগল নিয়েও পড়তে হচ্ছে মহাসমস্যায়।