টাঙ্গাইলে মুক্তিযোদ্ধার বাসায় হামলা ও ভাঙচুর

image 30

টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমের বাসভবনে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে আনুমানিক একটার দিকে শহরের জেলা সদর রোডে অবস্থিত তার বাসায় এ হামলা চালানো হয়। এতে বাসার জানালার গ্লাস ভাঙচুরের পাশাপাশি দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

বাসার তত্ত্বাবধায়ক জানান, হামলার সময় বঙ্গবীর কাদের সিদ্দিকী বাসার দ্বিতীয় তলার একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ ১৫ থেকে ২০ জনের একটি সশস্ত্র দল বাসভবনের বাইরে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। পরে কয়েকজন মই ব্যবহার করে গেট টপকে ভেতরে ঢুকে পার্কিংয়ে থাকা দুটি গাড়ি ভাঙচুর করে। তারা গাড়িতে পেট্রোল বোমা ছুড়ে আগুন ধরানোর চেষ্টাও করে বলে অভিযোগ করা হয়েছে।

তিনি আরও জানান, আমরা প্রতিরোধে এগিয়ে গেলে হামলাকারীরা তাদের সঙ্গে থাকা পেট্রোল বোমা, জুতা ও মই ফেলে পালিয়ে যায়।

খবর পেয়ে টাঙ্গাইল সদর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওসি তানভীর আহমেদ জানান, ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। দ্রুতই হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। বঙ্গবীর কাদের সিদ্দিকী সোমবার দুপুর ১২টায় তার নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করবেন বলে জানা গেছে। সেখানে তিনি ঘটনার বিস্তারিত তুলে ধরবেন বলে ধারণা করা হচ্ছে।