দেড়টায় হাসপাতাল থেকে বেরিয়ে ২টায় প্রেস ব্রিফিংয়ে মেঘমল্লার

image 32

ডাকসু নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মেঘমল্লার বসু অস্ত্রোপচারের পর আজ হাসপাতাল থেকে ছাড়পত্র পাচ্ছেন। ২ সেপ্টেম্বর তার অ্যাপেন্ডিক্সের সমস্যা নিয়ে শল্যচিকিৎসা হয় এবং তখন থেকেই তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। তবে রিলিজ পাওয়ার আধাঘণ্টার মধ্যেই তিনি নির্বাচনী প্রচারণায় ফেরার ঘোষণা দিয়েছেন।

মেঘমল্লার জানিয়েছেন, দুপুর দেড়টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর তিনি দুপুর ২টায় মধুর ক্যান্টিনে প্রেস ব্রিফিং করবেন। আড়াইটা থেকে যমুনা টেলিভিশনের জিএস বিতর্কে অংশ নেবেন। সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের আয়োজনে যোগ দিয়ে বিকেল ৬টা পর্যন্ত বিজ্ঞান অনুষদের হলগুলোতে প্রচারণা চালাবেন।

অস্ত্রোপচারের পর এত দ্রুত চাপ নেওয়া ঝুঁকিপূর্ণ হলেও তিনি প্রতিশ্রুতির জায়গা থেকে প্রচারণায় ফিরছেন। তার ভাষায়, “খুবই ঝুঁকির কাজ হচ্ছে। কিন্তু কমিটমেন্ট তো কমিটমেন্টই। বলেছিলাম শেষ পর্যন্ত লড়ব, আর আমি আমার সর্বোচ্চটা দেব। গডস্পিড।”

গত ১ সেপ্টেম্বর তিনি তলপেটের ব্যথার কারণে জানতে পারেন অ্যাপেন্ডিক্স অপসারণের প্রয়োজন। পরদিন ঢাকার এক হাসপাতালে সার্জন এ বি এম খুরশীদ আলম অস্ত্রোপচার করেন। এরপর থেকে তিনি ডা. চন্দ্র শেখর বালার তত্ত্বাবধানে হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

আজ ৭ সেপ্টেম্বর তিনি হাসপাতাল থেকে সরাসরি ঢাবি ক্যাম্পাসে ফিরছেন। আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ডাকসু নির্বাচনে বাম জোট সমর্থিত প্রতিরোধ পর্ষদের হয়ে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মেঘমল্লার।