৬ মাসে হাফেজ হলেন ৯ বছরের হাসান

image 43

শরীয়তপুরের নড়িয়ায় মাত্র ৬ মাস ৮ দিনে পবিত্র কোরআন মুখস্থ করে হাফেজ হয়েছে ৯ বছরের শিশু মো. হাসান। সোমবার (৩ নভেম্বর) সকাল ১০টায় তাহসিনুল কোরআন কওমি মাদ্রাসায় তার হিফজুল কোরআন সম্পন্ন হওয়ার আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষক ও শিক্ষার্থীরা আবেগঘন পরিবেশে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

হাসান নড়িয়ার কেদারপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের কৃষক শওকত হাওলাদারের ছেলে।

স্থানীয়দের ভাষায়, হাসান অত্যন্ত মেধাবী। মাত্র এক বছর আগে মাদ্রাসায় ভর্তি হয়। এই সময়ে কায়দা, আমপারা ও নাজেরা শেষ করে মাত্র ছয় মাসের মধ্যে পুরো কোরআন হিফজ করে সকলকে চমকে দিয়েছে সে।

হাসানের বাবা শওকত হাওলাদার বলেন, ছোটবেলা থেকেই তিনি ছেলেকে আল্লার পথে বড় করার স্বপ্ন দেখেছেন। ছেলের এই অর্জন তার জীবনের সবচেয়ে বড় আনন্দের মুহূর্ত বলে জানান তিনি।

মাদ্রাসার মুহতামিম হাফেজ আবদুস সাত্তার বলেন, সাধারণত একজন শিক্ষার্থীর হিফজ সম্পন্ন করতে তিন বছর লাগে। কিন্তু হাসান তার পরিশ্রম, নিয়মিততা এবং কোরআনের প্রতি গভীর ভালবাসা দিয়ে খুব অল্প সময়ে হাফেজ হতে পেরেছে। আল্লাহর বিশেষ রহমত ছাড়া এটি সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও জানান, মাদ্রাসায় এমন দ্রুত হিফজ সম্পন্ন করার ঘটনা এটাই প্রথম। তিনি হাসানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।