
পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই মাসের গণহত্যার দৃশ্যমান বিচার, এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতসহ সাত দফা দাবি তুলে ধরতে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (১৮ জুলাই) দুপুরে সমাবেশস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, মঞ্চ তৈরি এবং অন্যান্য প্রস্তুতির কাজ এখনো চলমান থাকলেও নির্ধারিত সময়ের আগেই শেষ হবে।
একটি সফল ও সুশৃঙ্খল সমাবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী সার্বিক নিরাপত্তার দায়িত্বে রয়েছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, দীর্ঘদিন পর জামায়াতের এমন উদ্যোগে দলের সব স্তরের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবেন।
জনসাধারণের সুবিধার্থে মেডিকেল সেবা, খাবার পানি এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থাও রাখা হয়েছে।
সমাবেশের কারণে নগরবাসীর কিছুটা অসুবিধা হতে পারে, এজন্য আগাম দুঃখ প্রকাশ করেন সেক্রেটারি জেনারেল।
ইফতেখার হোসাইন, প্রতিবেদক