নিষিদ্ধ সংগঠনকে নিশ্চিহ্ন করতে না পারা সরকারের ব্যর্থতা বলে মন্তব্য ইসলামী আন্দোলনের

chormonai

গোপালগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার প্রতিবাদ ও ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের অনুমোদন বাতিলসহ একাধিক দাবিতে বিক্ষোভ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
শুক্রবার (১৮ জুলাই) জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে আয়োজিত বিক্ষোভে নেতারা আওয়ামী লীগ সরকারকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে বলেন, শুধু গোপালগঞ্জ নয়, পুরো দেশ থেকেই এই দলকে সরিয়ে দিতে হবে।
তারা দাবি করেন, নিষিদ্ধ একটি সংগঠনকে এক বছরের বেশি সময়েও দমন করতে না পারা সরকারের ব্যর্থতার প্রমাণ।
এছাড়া, আইনশৃঙ্খলা বাহিনীর গাফিলতির কারণেই গোপালগঞ্জে এই হামলা ঘটেছে বলে মন্তব্য করেন বক্তারা।
দলের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, দেশের ভবিষ্যতের জন্য পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) ভিত্তিক নির্বাচনের বিকল্প নেই। কারণ এতে সব দলের সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। তিনি অভিযোগ করেন, যারা এই পদ্ধতি চায় না, তারা দেশে আবারও ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে চায়। এজন্য ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

ইফতেখার হোসাইন, প্রতিবেদক