
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সবচেয়ে বড় খ্যাতি ছিল তিনি দুর্নীতিগ্রস্ত ছিলেন না এবং দুর্নীতি প্রশ্রয় দিতেন না। যারা বগুড়ার সন্তান, যারা এখানে চাকরি করেন তারাও দুর্নীতিকে প্রশ্রয় দেবেন না।
রোববার (১৭ আগস্ট) সকালে বগুড়া শহীদ টিটু মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
৪২ বছর আগে বগুড়ায় চাকরি জীবন শুরুর স্মৃতিচারণ করে দুদক চেয়ারম্যান বলেন, “বগুড়ার জন্য আমার ঋণ অনেক। প্রথম কর্মজীবন, প্রথম ভালোবাসা—সবই বগুড়ায়। এ জেলা বাংলাদেশের শ্রেষ্ঠ জেলা।”
তিনি বলেন, “দুদক কর্মকর্তারা কী করছেন সেদিকেও নজর রাখতে হবে। তারা যেন দুর্নীতিগ্রস্ত হয়ে না পড়ে। কাজ হোক বা না হোক ঘুষ দেবেন না। একসময় দেখবেন কাজ হয়ে যাবে। সরকারি চাকরিজীবীদের কাজ করতেই হবে, তাদের বিকল্প নেই। তাই ঘুষের সরবরাহ বন্ধ করলে বগুড়া দেশের অন্যতম দুর্নীতিমুক্ত জেলায় পরিণত হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। উপস্থিত ছিলেন দুদকের মহাপরিচালক আকতার হোসেন, রাজশাহী বিভাগীয় পরিচালক ফজলুল হক, বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা ও দুদক বগুড়া কার্যালয়ের উপপরিচালক মাহফুজ ইকবাল।
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ গণশুনানিতে ৩২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আনা ৯৭টি অভিযোগের মধ্যে ৫৭ জন ভুক্তভোগী সরাসরি অভিযোগ উপস্থাপন করেন। এ সময় জাল কাগজপত্র দিয়ে প্রতারণার অভিযোগে পুলিশ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।