গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৬২ হাজারে

image 53

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত হামলায় প্রতিদিন বাড়ছে প্রাণহানি। রোববার (১৭ আগস্ট) এক প্রতিবেদনে বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অন্তত ৪৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ১৪ জন ত্রাণের সন্ধানে গিয়ে ইসরায়েলি হামলায় প্রাণ হারান।

এছাড়া খাদ্য সংকট ও অপুষ্টিতে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। ফলে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৬২ হাজারে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, এ পর্যন্ত আহত হয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৮৮৬ জন।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, অনেক মৃতদেহ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে আছে, কিন্তু উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে পারছেন না। শুধু গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালগুলোতে ৪৭টি মরদেহ আনা হয়েছে এবং আহত হয়েছেন ২২৬ জন।

ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে এখন পর্যন্ত ১ হাজার ৯৩৮ জন নিহত এবং ১৪ হাজার ৪২০ জনের বেশি আহত হয়েছেন। অনাহার-সম্পর্কিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৫৮ জনে, যার মধ্যে ১১০ শিশু।

চলতি বছরের ২ মার্চ থেকে ইসরায়েল গাজার সব সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়ার পর থেকে ভয়াবহ দুর্ভিক্ষের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এর মধ্যে গত ১৮ মার্চ থেকে পুনরায় শুরু হওয়া পূর্ণাঙ্গ হামলায় আরও ১০ হাজার ৪০০ ফিলিস্তিনি নিহত এবং ৪৩ হাজার ৮৪৫ জন আহত হয়েছেন।

উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইতোমধ্যেই যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। পাশাপাশি আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা বিচারাধীন রয়েছে।