
“একসাথে বিশ্ব ছুঁই” স্লোগান সামনে রেখে বিশ্ব রেকর্ড গড়ার উদ্যোগ নিয়েছে দেশের প্রতিষ্ঠান ‘কাগজবাড়ি’। এ লক্ষ্যে তারা দেশের দুর্গম চরাঞ্চলে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষাসামগ্রী বিতরণ শুরু করেছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের একাধিক স্কুল ও মাদরাসায় শিক্ষার্থীদের হাতে খাতা-কলমসহ বিভিন্ন উপকরণ তুলে দেওয়া হয়। এর মধ্যে ছিল ৮৪ নম্বর পারুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১ নম্বর দক্ষিণ বাঘুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বায়তুল ইহসান জায়েদিয়া দুধজানিয়া মাদরাসা।
‘কাগজবাড়ি’ জানায়, তাদের মূল লক্ষ্য শুধু দাতব্য কার্যক্রম নয়, বরং সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়িয়ে শিক্ষা বিস্তারে অবদান রাখা এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করা।
৮৪ নম্বর পারুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সারোয়ার বলেন,
“চরাঞ্চলের অনেক শিক্ষার্থী আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় খাতা-কলম কিনতে পারে না। কাগজবাড়ির এ উদ্যোগ পড়াশোনার আগ্রহ বাড়াতে সহায়ক হবে।”
এ বিষয়ে ১ নম্বর দক্ষিণ বাঘুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসাদুল্লাহ মিন্টো বলেন,
“প্রত্যন্ত অঞ্চলের অসংখ্য শিশু মৌলিক শিক্ষা উপকরণের অভাবে পিছিয়ে পড়ছে। আজ তাদের চোখেমুখে যে আনন্দ দেখেছি, তা প্রমাণ করে এই সহায়তা তাদের জন্য অনুপ্রেরণা।”
উল্লেখ্য, কাগজবাড়ি ইতোমধ্যে ১২ ঘণ্টায় দেশের ১,৫০০ স্কুলে প্রায় সাড়ে চার লাখ শিক্ষার্থীর মাঝে ৬০ হাজার কেজি খাতা বিতরণের কর্মসূচি হাতে নিয়েছে। এর মাধ্যমে তারা ২০২২ সালে ভারতের স্থাপিত ৫৬ হাজার কেজি খাতা বিতরণের বিশ্ব রেকর্ড ভেঙে বাংলাদেশকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।