
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আবারও বড় ধরনের অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। পাকিস্তানি খাবারের রেস্তোরাঁ ও আশপাশের ব্যবসা প্রতিষ্ঠানে পরিচালিত এ অভিযানে বাংলাদেশিসহ মোট ১৯৬ জন বিদেশিকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে কুয়ালালামপুরের চৌ কিট এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়, যা স্থানীয়ভাবে ‘মিনি পাকিস্তান’ নামে পরিচিত। অভিযানে ইমিগ্রেশনের পাশাপাশি ডিবিকেএল, কেপিডিএন এবং রয়েল মালয়েশিয়ান পুলিশও অংশ নেয়।
ইমিগ্রেশন পরিচালক ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ জানিয়েছেন, প্রায় ৭০০ মিটারজুড়ে বিস্তৃত ওই এলাকায় থাকা রেস্তোরাঁ, দোকান ও হোটেলসহ মোট ৪৫টি ব্যবসাপ্রতিষ্ঠানে হানা দেওয়া হয়। এ সময় প্রায় ৪০০ জনকে তল্লাশি করা হলেও বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ১৯৬ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ভারত, জর্ডান, নেপাল, ফিলিপাইন ও শ্রীলঙ্কার নাগরিক রয়েছেন। তবে কোন দেশের কতজন আটক হয়েছেন, তা এখনো প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
অভিযানে তিনজন স্থানীয়কেও আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অবৈধ অভিবাসী নিয়োগের অভিযোগ আনা হয়েছে। ইমিগ্রেশন পরিচালক জানান, অনেক রেস্তোরাঁ বৈধ কর্মীদের আড়ালে অবৈধ অভিবাসীদের কাজে লাগাচ্ছিল। এ ধরনের ধূর্ত কৌশলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আটক বিদেশিদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এবং সংশ্লিষ্ট বিধির আওতায় অবৈধভাবে অবস্থান, মেয়াদোত্তীর্ণ ভিসা ব্যবহার ও কাজের পারমিটের অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে।
তিনি আরও জানান, রাজধানীতে গড়ে ওঠা ‘মিনি পাকিস্তান’-এর মতো এলাকাগুলো নিয়মিত পর্যবেক্ষণে রাখা হবে। পাশাপাশি জনগণকেও অবৈধ অভিবাসন সংক্রান্ত তথ্য দিয়ে কর্তৃপক্ষকে সহযোগিতা করার আহ্বান জানান।