
চাঁদপুরের শাহরাস্তিতে যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় দায়ের করা মামলায় এক নারীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৪ নভেম্বর) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তন্ময় কুমার দে এ আদেশ দেন।
কারাগারে পাঠানো নারী কামরুন নাহার (৩২)। তার স্বামী মজিবুর রহমান ২০২৫ সালের ২০ জুলাই আদালতে মামলা দায়ের করেন। সমন জারি ও গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও আদালতে হাজির না হলে ৩ নভেম্বর তাকে শাহরাস্তির কালি বাড়ি এলাকা থেকে পুলিশ আটক করে। পরদিন আদালতে হাজির করলে তার জামিন নামঞ্জুর করা হয়।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের জুনে বিয়ের পর থেকে কামরুন নাহার স্বামীর কাছে নগদ টাকা, জমি এবং শহরে ফ্ল্যাট দাবি করে চাপ দিতে থাকেন। তিনি স্বামীর কাছ থেকে দুই দফায় মোট ৩ লাখ ৫৭ হাজার টাকা নেন, যা আর ফেরত দেননি। একইসঙ্গে বিভিন্ন মানুষের সাথে অনৈতিক সম্পর্ক ও পারিবারিক অশান্তির অভিযোগও আনে স্বামী পক্ষ।
আইনজীবী মোহাম্মদ সাইফুল মোল্লা বলেন, যৌতুক দাবি নারী-পুরুষ উভয়ের জন্যই অপরাধ। এ মামলায় আদালত বিষয়টি আমলে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন।
স্থানীয়রা ঘটনাকে ‘সমাজের জন্য সতর্কবার্তা’ উল্লেখ করে বলেন, আইনের মাধ্যমে এমন ঘটনার বিচার হওয়া উচিত যাতে অন্যরা শিক্ষা নেয়।