
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলায় তার পক্ষে আর আদালতে লড়বেন না—এ ঘোষণা দিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এই সিদ্ধান্ত জানান।
পান্না বলেন, “যে আদালতের প্রতি শেখ হাসিনারই আস্থা নেই, সেই আদালতে আমি তার পক্ষে লড়ব না।” আদালতের প্রতি শেখ হাসিনার অনাস্থাকেই তিনি সিদ্ধান্তের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন।
তিনি জানান, রাষ্ট্র তাকে শেখ হাসিনার আইনজীবী হিসেবে নিয়োগ দিলেও এখনো কোনো আনুষ্ঠানিক চিঠি পাননি। চিঠি হাতে পেলেই তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেবেন।
যদিও শেখ হাসিনার পক্ষে লড়াই থেকে সরে দাঁড়াচ্ছেন, জেড আই খান পান্না জানিয়েছেন যে অন্যান্য গুরুত্বপূর্ণ মামলায় তিনি নিয়মিত আইনি সহায়তা দিয়ে যাবেন। বন্ধুবর অ্যাডভোকেট ফজলুর রহমানের মামলায় তিনি নিজেই লড়বেন বলেও জানান।
এ ছাড়া দুদকের মামলায় দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার সন্তান—সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলের পক্ষে আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথাও তিনি ভিডিও বার্তায় উল্লেখ করেন।