৩০ দিনে মসজিদুল হারাম ও মসজিদে নববীতে ৬ কোটি মুসল্লি

image 386

গত জমাদিউল আউয়াল মাসে মসজিদুল হারাম ও মসজিদে নববীতে আগত মোট জিয়ারতকারীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ কোটি ৬৬ লাখ ৩৩ হাজার ১৫৩ জনে—যা আগের মাসের তুলনায় ১ কোটি ২১ লাখের বেশি। বুধবার প্রকাশিত হারামাইন বিষয়ক জেনারেল অথরিটির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এ সময়ে মক্কার মসজিদুল হারামে নামাজ আদায় করেছেন ২ কোটি ৫৯ লাখ ৮৭ হাজার ৬৭৯ জন। এর মধ্যে মাতাফ এলাকায় অবস্থান করেছেন ১ লাখ ৪৮৯ জন। পুরো মাসে ওমরাহ পালন করেছেন ১ কোটি ৩৯ লাখ ৭২ হাজার ৭৮০ জন

অন্যদিকে, মদিনার মসজিদে নববীতে নামাজ আদায় করেছেন ২ কোটি ৩২ লাখ ৯৬ হাজার ১৮৫ জন। এর মধ্যে রওজা শরিফে ইবাদত করেছেন ৯ লাখ ১২ হাজার ৬৯৫ জন এবং রাসুলুল্লাহ (সা.) ও দুই সাহাবি আবু বকর ও ওমর (রা.)-এর রওজায় সালাম পেশ করেছেন ২৩ লাখ ৬৩ হাজার ৩২৫ জন

জানা গেছে, দর্শনার্থী ও ইবাদতকারীর সংখ্যা নির্ধারণে হারামাইন অথরিটি সেন্সর-নির্ভর আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। দুই পবিত্র মসজিদের প্রধান প্রবেশপথে স্থাপিত এই ডিজিটাল মনিটরিং ব্যবস্থা ভিড় নিয়ন্ত্রণ, জনস্রোতের গতিবিধি শনাক্তকরণ এবং সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বয় আরও কার্যকরভাবে পরিচালনায় সহায়তা করছে।