
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২৩৭টি আসনে নিজেদের প্রার্থী চূড়ান্ত করেছে। নির্বাচনে ধানের শীষ প্রতীকে ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসনে লড়বেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। বগুড়া-৬ আসনে লড়বেন বিএনপির কাণ্ডারি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২৩৭টি সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়। দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তালিকা প্রকাশ করেন এবং উল্লেখ করেন যে প্রার্থীদের তালিকায় ভবিষ্যতে পরিবর্তন আনা হতে পারে।
মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারিতে আমরা গণতান্ত্রিক নির্বাচন পাব। সেই নির্বাচনের জন্য ২৩৭টি আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। যেখানে যুগপৎ আন্দোলন সঙ্গীদের প্রার্থী তালিকা নির্ধারণের প্রয়োজন হবে, তা বিএনপি সমন্বয় করে ঠিক করবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং ডা. এ জেড এম জাহিদ হোসেন।