
নারীদের পিছনে রেখে পুরুষরা কখনোই সামনে অগ্রসর হতে পারবে না— এমন মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, “আমাদের এগোতে হলে মা–বোনদের সঙ্গে নিয়েই এগোতে হবে।”
বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে নিবরাস মাদরাসা আয়োজিত ‘হিফজুল কোরআন অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, রাসুল (সা.) আমাদের মা–বোনদের— হজরত আয়েশা, হজরত খাদিজা ও অন্যান্য সাহাবিয়াতদের সঙ্গে নিয়ে সমাজ বদলেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। এমনকি যুদ্ধের ময়দানেও নারী সাহাবিয়াদের ভূমিকা ছিল। আমরা যে ইসলামী আদर्शের ভিত্তিতে কল্যাণরাষ্ট্রের স্বপ্ন দেখি, তা বাস্তবায়নে নিবরাস মাদরাসা এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে।
তিনি আরও বলেন, যদি আমরা আমাদের মা–বোন ও কন্যাদের কোরআনের আলোয় শিক্ষিত করে হাফেজা, আলেমা, মুহাদ্দিসা কিংবা স্কলার হিসেবে গড়ে তুলতে পারি, তাহলে সমাজ ও রাষ্ট্রের সর্বক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবেন।
ড. খালিদ হোসেন বলেন, “আমরা এক নতুন দিনের স্বপ্ন দেখি— যেখানে ভেদাভেদ নয়, একতা ও মূল্যবোধ সামনে থাকবে। আমরা যদি অন্যকে সম্মান না করি, তবে সম্মান পাওয়ারও যোগ্য নই। ঢিল–ছুরি, পাটকেল— যা দিই, তাই ফিরে আসে।”
তিনি বলেন, মতপার্থক্য যুগে যুগে ছিল এবং থাকবে, তবে কালেমা তাইয়েবার ভিত্তিতে জাতির ঐক্যবদ্ধ হওয়া জরুরি। জুলাই বিপ্লব–পরবর্তী সরকার জনগণকে যে সুযোগ এনে দিয়েছে— হাতে হাত ধরে, বুকে বুক মিলিয়ে এগিয়ে যাওয়ার— সেটি হারালে আবারও দীর্ঘ অপেক্ষার প্রহর গুনতে হবে।
অনুষ্ঠানে ১৬৭ জন কোরআনহাফেজ শিক্ষার্থীর হাতে অ্যাওয়ার্ড তুলে দেন ধর্ম উপদেষ্টা। এর আগে শিক্ষার্থীরা ইসলামী গান, তিলাওয়াতসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন।