নির্বাচনে প্রতি কেন্দ্রে একজন সেনা সদস্য মোতায়েন করলে তেমন প্রভাব পড়বে না।

image 260

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে একজন করে সেনা সদস্য দিলেই যথেষ্ট প্রভাব পড়বে না— এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তার মতে, ভোটের পরিবেশ নিরাপদ ও সুষ্ঠু রাখতে প্রতি কেন্দ্রে অন্তত পাঁচজন সেনা সদস্য মোতায়েনের বিষয়টি নির্বাচন কমিশনের (ইসি) গুরুত্বসহকারে বিবেচনা করা উচিত।

বুধবার সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির সঙ্গে সংলাপে তিনি এসব কথা বলেন। মাঠ প্রশাসনে হঠাৎ হঠাৎ কর্মকর্তাদের বদলি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। মিয়া গোলাম পরওয়ার বলেন, “মাত্র ২০ দিনও হয়নি— একজন ডিসি বদলি হয়ে গেলেন, আবার এই সপ্তাহেই অনেককে রদবদল করা হয়েছে। মনে হয় না— এর পেছনে কোনো ডিজাইন বা উদ্দেশ্য কাজ করছে?”

সংলাপে দলটির পক্ষ থেকে তিনি লটারির মাধ্যমে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের বদলির প্রস্তাব দেন। তার বক্তব্য, “লটারির মাধ্যমে ট্রান্সফার করা হলে যার যেখানে তকদির, সেখানেই যাবে। এতে প্রশ্ন বা বিতর্কের সুযোগ থাকবে না।”

এ ছাড়া ভোটার তালিকার ছবির মান উন্নয়ন, প্রার্থীর পাশাপাশি রাজনৈতিক দলের অঙ্গীকারনামা কোথায় জমা দিতে হবে— সে বিষয়ে স্বচ্ছ নির্দেশনারও অনুরোধ জানান তিনি।

সংলাপে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ইসিকে আরও সাহসী হওয়ার আহ্বান জানান। তিনি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন এবং অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানের পরামর্শ দেন।