সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদের অর্থপাচারের ২৩ বস্তা নথি জব্দ করেছে দুদক

image 141

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিদেশে অর্জিত সম্পদ ও অর্থপাচারের তথ্যসংবলিত ২৩ বস্তা নথি উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২১ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকার সিকদার বাড়ি থেকে এসব নথি জব্দ করা হয়।

দুদক সূত্র জানায়, রিমান্ডে থাকা সাইফুজ্জামানের দুই ঘনিষ্ঠ সহযোগী উৎপল পাল ও আব্দুল আজিজের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আলামত উদ্ধার করা হয়েছে।

দুদকের উপপরিচালক মশিউর রহমান জানান, সাইফুজ্জামান জাবেদের স্ত্রী রুখমিলা জামানের গাড়িচালক ইলিয়াস শিকলবাহার নিজ বাসায় অর্থপাচার ও দেশীয় ব্যবসার নথিপত্র লুকিয়ে রেখেছিলেন। অভিযানের আশঙ্কায় তিনি নথিগুলো সরিয়ে ওসমান তালুকদার নামে এক ব্যক্তির বাসায় রাখেন। পরে তালা ভেঙে ওই বাসা থেকে ২৩ বস্তা নথি উদ্ধার করা হয়।

এর আগে ১৭ সেপ্টেম্বর দুপুরে দুদকের একটি দল অভিযান চালিয়ে উৎপল পাল ও আব্দুল আজিজকে গ্রেপ্তার করে। পরদিন (১৮ সেপ্টেম্বর) ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় তাদের আদালতে সোপর্দ করা হলে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

প্রসঙ্গত, চট্টগ্রামের প্রয়াত আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান চৌধুরী বাবুর ছেলে সাইফুজ্জামান চৌধুরী চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি ২০১৪-২০১৮ মেয়াদে ভূমি প্রতিমন্ত্রী এবং ২০১৯-২০২৩ সাল পর্যন্ত ভূমিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। গত বছরের ৭ অক্টোবর তার ও তার স্ত্রীর দেশত্যাগে আদালত নিষেধাজ্ঞা জারি করেন। তার বিরুদ্ধে দেশ থেকে অর্থপাচার করে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে বিপুল সম্পত্তি কেনার অভিযোগ রয়েছে।