আগামী জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার সময় ১ ঘণ্টা বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

image 82

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এখন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট দেওয়া যাবে। রোববার (৭ ডিসেম্বর) নির্বাচন কমিশন কার্যালয়ে পর্যালোচনা বৈঠক শেষে এ তথ্য নিশ্চিত করেন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি জানান, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হওয়ায় ভোট দিতে ভোটারদের বাড়তি সময় লাগবে। এজন্যই সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণত সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে থাকলেও এবার সকাল সাড়ে ৭টা থেকেই ভোট শুরু হবে।

ইসি সূত্র জানায়, শুরুতে কমিশনের প্রস্তুতি ছিল শুধু সংসদ নির্বাচনকে ঘিরে। সেই অনুযায়ী ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র এবং ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছিল। কিন্তু এখন ভোটারদের সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটেও ভোট দিতে হবে বিধায় ভোটগ্রহণে বেশি সময় লাগবে।

এদিকে ভোটকেন্দ্র বা ভোটকক্ষ বাড়ানো প্রয়োজন হবে কি না তা যাচাই করতে সম্প্রতি রাজধানীর একটি কেন্দ্রে মক ভোটিং করে ইসি। প্রাথমিক বিশ্লেষণে দেখা গেছে, প্রতিটি ভোটকক্ষে একটি গোপন কক্ষের বদলে দুটি গোপন কক্ষ স্থাপন করলে ভোটকেন্দ্র বাড়ানোর প্রয়োজন হবে না।